#শারদীয়া_কিন্নরদল
#প্রথম_পাতা
আজ দশজন কবির কবিতা দিয়ে যাত্রা শুরু।
সকলের কাছে অনুরোধ, এমন কঠিন সময়ে কবিতার আশ্রয় খুঁজি আসুন।
কবিদের অজস্র ধন্যবাদ। তাঁরা কলম ধরেছেন। প্রাণ নিংড়ে সেরা লেখা এনে দিয়েছেন।
#তুমি_আসবে_বলেই
#উৎপল_ত্রিবেদী
এবং তুমি আসবে বলে
অপেক্ষাতে অপেক্ষাতে রাত কেটেছে নিদ্রাবিহীন
দিন কেটেছে একলা থাকার ধারাপাতে।
বৃষ্টি বেয়ে,বৃষ্টি বেয়ে মেঘ ধরেছি জাপটে
এবং দুহাত দিয়ে টান মেরেছি।
মেঘের ভিতর বিদ্যুত সব রণসজ্জায় ব্যস্ত তখন
আমায় দেখে চোখ টিপেছে--
তুমি তো তার ঘর জানোনা,দোর জানোনা
কোথায় একলা,কোনখানে বা সদলবলে
কোথায় যে সে বৃষ্টি ভেজে
উড়ে বেড়ায় কোন আকাশে
এসব কিছুই না জেনে এই মেঘের দেশে উড়াল দিলে
আপাদমাথা খুব অকারন ভিজলে শুধু,
কি লাভ হল?
**
#ট্রিয়লেট
#রামকিশোর_ভট্টাচার্য
বাইরে তুমুল ঝড় , ভিতরে এস্রাজ
চলে যাওয়া পথগুলি প্রশ্ন শুধুই ৷
গলে যায় আমাদের অহংএর সাজ..
বাইরে তুমুল ঝড় ভিতরে এস্রাজ
ফেরাপথে আর জানি আসবি না তুই
ইমনে বেহাগে তাই আকাশের সাজ ৷
বাইরে তুমুল ঝড়, ভিতরে এস্রাজ
চলে যাওয়া পথগুলি প্রশ্ন শুধুই...
**
#আইসোলেসন
#ঈশিতা_ভাদুড়ী
একটা টানেলের মধ্যে ঢুকে যাচ্ছে রূপকথারা, ক্রমশ তীব্র অবিচ্ছেদ্য অন্ধকারে...
সেই অন্ধকার দেখতে দেখতে বিধ্বস্ত নক্ষত্রেরা দাঁড়িয়ে পড়েছে একে অন্যের সঙ্গে গজ মেপে মেপে। আর, মায়াবী মেঘ, গোপন প্রেম সবই গড়িয়ে পড়ছে অতল খাদে। শূন্যতার মধ্যে মিশে যাচ্ছে শূন্যতা আরও...
সেই অন্তহীন শূন্যতায় আইসোলেশন শব্দটি দাঁড়িয়ে আছে বৃক্ষের মতন। আর, চুম্বন, সহবাস এই সব অন্যান্য শব্দেরা পড়ে আছে ডাস্টবিনে।
**
#মায়াবী_জল
#চন্দ্রশেখর_ঘোষ
যেন বৃষ্টি -ফোঁটা-----
পাতা চুঁইয়ে নেমে আসে
বিষন্নতার মায়াবী জল
আরোয়া ভূমিও জেগে আছে সঙ্গহীনতায়
এ এক অন্য নিম্নচাপ , আবহাওয়াবিদেরা জানে না
সাগরে যাওয়া মৎস্যজীবির প্রিয়জন
প্রতীক্ষাতরীর দিকে চেয়ে
আমার কোনো প্রিয়জন নেই, ধ্রুবশব্দও নেই
রাতের ঘন আঁধারের স্তব্ধতা নিয়ে
জেগে থাকি একা, বয়ে যায়
নিঃসঙ্গ মৃদু হাওয়া
শুধু আমি নয় আমার সাথে জেগে থাকে
কুয়াশামেদুর ধ্রুবতারাটিও
প্রিয় শব্দের খোঁজে----
**
#মার_মুখ
#অমর_ঘোষ
মা-র মুখ মনেই পড়ে না
অথচ যতদিন কাছে ছিল প্রত্যেকদিন না দেখলে
দিন বিমর্ষ হত--
জীবন এমনই ঘোলাটে জলের বহতা নদী
আকাশ ভেঙে টুকরো টুকরো করে
মেঘের পানসি ভেসে যায়
ছুঁতে চেষ্টা করি এই সব নীরবতা
ভাসানের রাতে একা একা নদী তীরে
দাঁড়িয়ে থাকি ----
কোনো মুখ আজ স্পষ্ট নয় , চরাচরে -----
**
#প্রেম_অপ্ৰেম_আর_কিছু_সাংসারিক
#অরিজিৎ_পাঠক
বেঁচে থাকা এক আশ্চর্য তন্ময়
ধুলোপাড় নদীর মত
প্রে
ম
হী
ন
জংলা বকুল আঁচল বিছিয়ে রাখে
প্রতিটি অতীত সন্ধ্যার শেষে
শীত আর ফাল্গুনের গোল মধ্যিখানে
খর্বকায় মধুকুপী ঘাসের দিনগুলি
আসলে যে একেকটা সাদা রঙের থান
সেটা বুঝে উঠতেই আমার কেটে গেলো
আস্ত জীবনের দুই তৃতীয়াংশ বছর
এখন জানতে পেরে গেছি
ম
হা
কা
ব্য
জুড়ে যে বৃষ্টিশূন্য দিনের কথা লেখা
সে রুক্ষতার অপর প্রান্তসীমায়
জমাট গতিহীন বরফের চাই
গলে যায় নিবিড় চুম্বন পেলে
আর, সোহাগী ভালোবাসাটির গায়ে লেগে থাকা
পুরনো এসেন্সের গন্ধ শোঁকে সংসারী প্রেমিক
**
#তেজস্ক্রিয়
#মৌলীনাথ_গোস্বামী
অনিশ্চিত থালায় বাড়ন্ত ভাতের খুশবু
চেয়েচিন্তে এক চিমটি নুন...
গভভে ছাই চাপা পরমাণু বোমা
মন্বন্তরের মত শূন্য চাহনি
ঘোলাটে চোখে চিনে নিতে চাইছে
আসল হিরণ্যকশিপু...
শৌখিন শাড়ির পাড়ে
লেগে থাকা দাগের মতন
অস্তিত্ব তীব্র প্রান্তিক---
রেললাইনের ধারে
শহরের প্রান্তরে
দর্শনীয় দেশের অনেক অনেক গ্রামে
ওরা থাকে পিঁপড়ের মত
ছায়া ফেলে না
ফেলেনি কোনদিন
মাটিতে বা রাষ্ট্রের সার্বভৌম বিবেকে
একলব্য ওরা
অনায়াসে দিয়ে দেয় বুড়ো আঙুলের
নিঃশর্ত সমর্থন
গণতান্ত্রিক ভিক্ষাজীবির আঞ্চলিক পাতে---
সে যেন ভালো থাকে
হারামের দুধে ভাতে...
নগর সভ্যতার বিপুল উপন্যাসে
প্রান্তরের কী ভূমিকা থাকে?
বিশেষ কিছুই নয়
কখনো দু'-চার ফোঁটা বৃষ্টিপাত হয়
শুধু প্রজাতন্ত্র কেঁপে ওঠে
একদিন, যেদিন ওখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে...
**
#আকাল
#তানিয়া_বন্দ্যোপাধ্যায়
এই আকালেও স্বপ্নের আবদার
চলে আসে ঠিক প্রত্যহ মাঝরাতে
প্রতিদিন ভোরে আদর চাওয়ার ছলে
জল ভরা চোখে কাঙালের হাত পাতে
এই আকালেও মেঘ ডাকে, বাজ পড়ে
ভোলেনি সে তার কঠিন কঠোর রাগ
এই আকালেও বৃষ্টি নিয়ম মেনে
প্রতিটি ফোঁটাতেই তোমাকে জড়িয়ে ধরে
এই আকালেও নদীর পাড়ের ঘাস
মাথা দোলায়, দুলতে থাকে বাতাসে
এই আকালেও চাঁদ গর্ভিণী হয়
ছলায় কলায় মাতায় জোছনা দিয়ে
শিউলি ফুলের নরম আবেশ নয়
ছাতিম ফুলের বুনো আশ্লেষ নিয়ে
স্বপ্নের সাজি ভরতে থাকবে ঠিকই
তুমি আর আমি থাকি বা না থাকি জেনো
জেনো প্রেম রবে নক্সী কাঁথায় বুনে
সব মুছে যাবে যা কিছু মিথ্যে,মেকি
**
#উজান
#সুবীর_মজুমদার
ডুব সাঁতার দিয়ে
প্রথম যে মৃত মানুষের সাথে দেখা
সে আমায় ডাকেনি
অথচ ভেবেছিলাম অন্য কিছু,
তাই অনেকে মিলে ভেসে গেলাম
মোহনার খোঁজে, তারপর...
কবে যেন আটকে গেলাম বালির চরে,
দেখলাম,
আশেপাশে এমন অনেকেই সেখানে
সেই থেকে আমি চিনেছি লাশ,
এখন আর ডুব সাঁতার কাটিনা
মানে জলেই আর আমি নামি না
বুকে লাইফ বেল্ট নিয়ে পার হই নদী
নৌকো ছাড়ার আগে জেনে নিই
মাঝিদের কোন রাগ আছে নাকী।
**
#সাঁঝবেলা
#জগদীশ_শর্মা
তুমি
কত কিছু জানো
ড্রিবলিং
হইহই
ঠিক পুজোর
ঠিক ফুল সঠিক মন্ত্র
তুমি অনেক দূর অবধি যাবে
যেতেই থাকবে
শেষ পর্যন্ত
কোথাও না পৌঁছে
ডিগবাজি খেয়ে বদহজম
পৌঁছবে
ঐ বোকা লোকটা
সে অনেক কিছুই জানেনা
শুধু জানে
শেষ পর্যন্ত কোথায় যেতে হয়
কোথায় কমা কোথায় দাঁড়ি।
**

No comments:
Post a Comment